নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং অফিসার রায়হান কবিরের কাছে মনোনয়ন জমা দেন তিনি। এসময় এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন।মনোনয়ন পত্র জমা দেয়ার পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল আমিন বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনটি সর্বদাই অবহেলিত থেকেছে। প্রার্থী হিসেবেই নয় বরং এই আসনের একজন বাসিন্দা হিসেবেও আমরা দেখেছি যে, ইতিপূর্বে যেকোনো সরকারের আমলেই হোক; যেসকল রাজনৈতিক দলগুলো থেকে যারা এই আসনে সংসদ সদস্য হয়েছে, তারা কেউ-ই এই অঞ্চলে কাঙ্খিত উন্নয়ন করেননি। এখানকার মানুষ সর্বদাই অবহেলিত থেকেছে। উন্নয়ন বঞ্চিত হয়েছে। বিপরিতে যারা এখানে এমপি হয়েছিল, তারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। এই জনপদের কোনো পরিবর্তন হয়নি।’
তিনি বলেন, ‘সাধারণ মানুষ ও ভোটাররা বিশ্বাস করে যে, গণঅভ্যুত্থানের পর যেই পরিবর্তনের তাগিদ ও প্রত্যাশা তৈরী হয়েছে, তা কেবল সেই পরিবর্তন কেবল জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র দ্বারাই পূরণ হওয়া সম্ভব। আমি পরিবর্তনের অঙ্গিকার নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। ভোটাররা এনসিপির পাশে আছে। ইনশাআল্লাহ নির্বাচিত হলে অবহেলিত এই জনপদ তথা নারায়ণগঞ্জ-৪ আসনকে এমন ভাবে সাজিয়ে তুলতে চাই, যাতে করে কাঙ্খিত ও পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত একটি বাসযোগ্য ও শান্তিপ্রিয় জনপদে পরিণত হয়।’





