সর্বশেষ
আপনারা দেখছেন Insight Narayanganj-এর Beta Version

বিশাল গাড়ী বহর নিয়ে ৩০০ ফিটে গিয়াস উদ্দিন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশাল গাড়ী বহরসহ অসংখ্য নেতাকর্মী নিয়ে রূপগঞ্জের ৩০০ ফিটে পৌঁছেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। একই সাথে তার নেতৃত্বে ৩০০ ফিট সড়কে আনন্দ মিছিল করেন নারায়ণগঞ্জ জেলাসহ ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানার বিভিন্ন ইউনিট কমিটির বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনার সাথে নেতাকর্মীদের নিয়ে নানা স্লোগাণ ধরেন গিয়াস উদ্দিন নিজেই। স্লোগাণে স্লোগাণে মুখরিত হয় ৩০০ ফিট এলাকা। নেতাকর্মীদের হাতে শোভাপায় তারেক রহমানের নানা ফেস্টুন ও প্ল্যাকার্ড। এসময় সাবেক এমপি গিয়াস উদ্দিনসহ তার সাথে থাকা নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস ফুটে উঠে।


জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বেশ কয়েকদিন আগে থেকেই নানা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি তার আগমনী দিনটিকে স্মরণীয় করে রাখার মত উদ্যোগ নিচ্ছেন বলে ইতিপূর্বেই বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতা দিয়ে আসছিলেন। এবার সেই কথারই প্রতিফলন ঘটিয়েছেন বলে জানিয়েছেন তার সাথে অংশগ্রহণ করা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দরা।


এই বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি (আসন্ন জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী) বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি। রাষ্ট্র সংস্কার ও পরিচালনায় এই মুহুর্তে তার চেয়ে যোগ্য ব্যক্তি দ্বিতীয় কেউ নেই। তাকে স্বৈরাচারি আওয়ামী লীগ সরকার পরিকল্পিত ভাবে দীর্ঘ ১৭ বছর এই দেশের মাটিতে আসতে দেয়নি। মহান আল্লাহ রব্বুল আলামিন হলেন উত্তম পরিকল্পনাকারী। আমরা আগে থেকেই বলে বেড়াতাম যে, তিনি এই দেশের হাল ধরতে একদিন বীরের বেশে ফিরবেন। মহান আল্লাহ তায়ালা আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছে। তিনি আজ বীরের বেশেই তার জন্মভূমিতে পা রাখতে যাচ্ছেন। এই মুহুর্তটা কেবল আমাদের জন্যই নয় বরং গোটা দেশের সর্বস্তরের কল্যাণকামী মানুষের জন্য বিশেষ কিছু। আমি আমাদের নেতাকে বরন করে নিতে আমাদের নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিশাল গাড়ী বহরের মাধ্যমে ৩০০ ফিটে এসে অবস্থান করছি। আমার মত আজ নেতাকর্মীরাও আনন্দিত। সকলকে নিয়ে আনন্দ মিছিল ও আমাদের নেতার সম্মানে স্লোগাণ ধরেছি। আমরা নেতাকর্মীদের নিয়ে সু-শৃঙ্খলভাবে জনাব তারেক রহমানের আগমনের জন্য অপেক্ষায় আছি। আজকে এখানে যেই লোকে লোকারণ্য হয়েছে, তা বিএনপি এবং তারেক রহমানের জনপ্রিয়তারই বর্হিপ্রকাশ। আজ এখানে যেই ইতিহাস রচিত হচ্ছে, আমরা সেই ইতিহাসের স্বাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এরজন্য মহান আল্লাহ তায়ালার দরবারে মন থেকে শুকরিয়া জানাই। আসলে আমরা যেই নেতার এক নির্দেশনায় বিগত ১৭টি বছর রাজপথে নির্দিধায় লড়ে গেছি, যেই নেতার এক নির্দেশনায় গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য রাজপথে নিজের রক্ত ঝরিয়েছি, জেল খেটেছি, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে স্বৈরাচারের গুলির মুখেও আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি, আজ সেই নেতাকে তার নিজ মাতৃভূমিতে আগমনকালে স্বাগত জানাতে আমরা উদগ্রীব হয়ে আছি। গোটা দেশের মানুষ আজ তার অপেক্ষায় আছে। তাকে স্বাগত জানাতে এদেশের মানুষ তীব্র শীত উপেক্ষা করে রাত থেকেই রাস্তায় রাস্তায় অবস্থান করছেন। তাকে দেখার জন্য ছুটে এসেছেন। আজ যেই সমাগম হয়েছে, উপস্থিতির দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙেছে। জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আমার মত এই দেশের প্রতিটি কল্যাণকামী মানুষ তা বিশ্বাস করে’

শেয়ার করুন