সর্বশেষ
আপনারা দেখছেন Insight Narayanganj-এর Beta Version

জনগণ বিএনপিকে ভালোবাসে : গিয়াস উদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “এই দেশের জনগণ বিএনপিকে ভালোবাসে। আজ সমগ্র জাতির প্রত্যাশা, জনগণের ভালোবাসায় পরবর্তী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সেবা করার দায়িত্ব পাবেন।”


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।


গিয়াস উদ্দিন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির বীজ বপন করে দিয়ে গেছেন, দলকে আদর্শিক ভিত্তি দিয়ে গেছেন এবং জনগণের কাছে বিএনপিকে জনপ্রিয় করে গেছেন। তাঁর রেখে যাওয়া সংগঠন আজ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বিএনপির দায়িত্ব পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সংগ্রাম করে, সংগঠনকে সুসংহত করে বিএনপিকে আরও সমৃদ্ধ করেছেন। তার নেতৃত্বেই বিএনপি দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন।”
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করে গিয়াসউদ্দিন বলেন, “আমাদের প্রিয় নেত্রী অনেক অসুস্থ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।”


ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, লোকমান হোসেন, কবির প্রধান, হাজী বিল্লাল হোসেন, মুকলেছুর রহমান পায়েল, নুর আলম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, মহানগর জাসাস সভাপতি স্বপন চৌধুরী, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আক্তার হোসেন, হাসান মাহমুদ পলাশ, মঈনুল হোসেন রতন, সুমন মাহবুব, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম বিপ্লব, আশিক মাহমুদ সুমন, স্বাধীন, আবুল খায়ের, যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদসহ আরও অনেকে।


শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

শেয়ার করুন