সর্বশেষ
আপনারা দেখছেন Insight Narayanganj-এর Beta Version

সিদ্ধিরগঞ্জের দুই মামলায় আইভীর জামিন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুই মামলার একটিতে ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর পর একাধিকবার হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত করা হয়।

সর্বশেষ এই দুই মামলায় ‘শোন অ্যারেস্ট’ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করার পর আদালত রুল জারি করে এবং নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য, আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিত সংক্রান্ত আবেদনের ওপর আগামী ৩ মে আদেশ দেওয়ার দিন ধার্য রয়েছে।

শেয়ার করুন